• samity@bcs.org.bd
  • |
  • +880 9639 33 44 55

বিসিএস রাজশাহী ফুটবল ম্যানিয়া ২০২৬: চ্যাম্পিয়ন রাজশাহী অ্যাভেঞ্জার্স

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) রাজশাহী শাখার উদ্যোগে আয়োজিত ‘বিসিএস রাজশাহী ফুটবল ম্যানিয়া ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী অ্যাভেঞ্জার্স। আর রানার্সআপ হয়েছে রাজশাহী টাইটান্স। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজশাহীর বিমান চত্বর মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা টুর্নামেন্টে অংশ নেয় চারটি দল। ৪০ মিনিটের নকআউট পর্বের প্রথম ম্যাচে অংশ নেয় রাজশাহী অ্যাভেঞ্জার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে অংশ নেয় রাজশাহী রয়্যালস এবং রাজশাহী টাইটান্স। নকআউট পর্বে জয়ী হয়ে রাজশাহী অ্যাভেঞ্জার্স ও রাজশাহী টাইটান্স রাত ৯টায় ফাইনালে মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে রাজশাহী অ্যাভেঞ্জার্স।

 

টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিসিএস রাজশাহী শাখার চেয়ারম্যান এস এম মুশফিক-উস-সালেহীন, ভাইস চেয়ারম্যান খোন্দকার জাহাঙ্গীর সিরাজ রানা, সেক্রেটারি মো. নূরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি সৈয়দ হুমায়ুন কবির, ট্রেজারার মো. আরিফ হোসেন এবং সদস্য কাজী মো. দবিরুজ্জামান ও মো. ওয়ালীউল ইসলাম।

 

এ সময়ে আরও উপস্থিত ছিলেন রাজশাহী শাখা কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ জনাব মো. আশরাফ সিদ্দিকী নূর, জনাব আবুল ফজল কাশেমী এবং জুলফিকার ওয়ালিউল্লাহ রুমী। 

 

বিসিএস রাজশাহী শাখার চেয়ারম্যান এস এম মুশফিক-উস-সালেহীন বলেন, তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী ও প্রযুক্তিপেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও নেটওয়ার্কিং আরও জোরদার করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। 

 

তিনি বলেন, রাজশাহীর তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবীদের অংশগ্রহণে এই আয়োজনটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতাই নয়, বরং পারস্পরিক সম্প্রীতি, বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার একটি কার্যকর উদ্যোগ। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

 

টুর্নামেন্টটি আয়োজনে সহযোগিতা করেছে প্রযুক্তি খাতের দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে আসুস, বিডিকম, কিউডি, ডিপকুল, ডিজিটালএক্স, ইউরোভিশন, জি অ্যান্ড জি, গিগাবাইট, হ্যাভিট, ইমো, ম্যাক্সহাব, মিয়ারি, পিসি পাওয়ার, প্রিনটেক্স, প্রোনেট, স্যামসাং, স্কাইভিউ, সলিটাইন, টেন্ডা এবং টিপি-লিংক।

Share On: