বিসিএসের উদ্যোগে ময়মনসিংহে প্রিন্টার রিপেয়ার ও মেইন্টেনেন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর যৌথ উদ্যোগে এবং বিসিএস ময়মনসিংহ শাখার সহযোগিতায় ময়মনসিংহ শহরের সারিন্দা রেস্টুরেন্টে ২৮ এপ্রিল, মঙ্গলবার বিকালে চার দিনব্যাপী হাতে-কলমে ‘প্রিন্টার রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী পরিচালক মো. ফয়সাল খান, বিসিএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, বিসিএস ময়মনসিংহ শাখার চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, সেক্রেটারি মো. জহিরউল্লাহ জনি। এ সময় উপস্থিত ছিলেন বিসিএস ব্রাঞ্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মুজাহিদ আল বেরুনী সুজন, ইভেন্ট ম্যানেজমেন্ট ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আবু তুহিন চৌধুরী, কোর্স কো-অর্ডিনেটর ও কম্পিউটার সিটি টেকনোলজির পরিচালক মনিরুল হক বাবু, প্রশিক্ষক আমিনুল ইসলাম ভুঁইয়া, মো. রিফাদ হাসান এবং বিসিএস ময়মনসিংহ শাখার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সদস্যরা।
আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী পরিচালক মো. ফয়সাল খান বলেন, প্রিন্টার রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ক প্রশিক্ষণের উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষার্থীদেও প্রযুক্তিগত জ্ঞান দেওয়া নয়, বরং অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এ লক্ষ্যে বিসিএস বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে এই ধরনের কর্মমুখী কারিগরি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আসছে। আমাদেও প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণ কর্মশালায় প্রিন্টার রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স সম্পর্কে হাতে-কলমে আধুনিক কৌশল ও ব্যবহারিক বিষয়ে জ্ঞান দিয়েছেন। অংশগ্রহণকারীরা যদি এই শেখা বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করতে পারেন, তবে তারা সহজেই পেশাগত জীবনে সফল হতে পারবেন বলে আমার বিশ্বাস।
বিসিএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিসিএস বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে প্রতিনিয়ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকে। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু প্রিন্টার রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে দক্ষতাই অর্জন করবেন না, বরং কর্মসংস্থান সৃষ্টির নতুন সুযোগও পাবেন। প্রিন্টার রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স সার্ভিসিং খাতে আমাদের প্রচুর দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে। এই খাতে জীবিকা নির্বাহ বা চাকরির যথেষ্ট সুযোগ রয়েছে। দরকার শুধু দক্ষতা। আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলো নিয়মিত প্রশিক্ষণ প্রাপ্ত জনবল নিয়োগ দেয়। বিসিএসের সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে চাকরির সুযোগও আরও সহজ হবে।
৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সেরা প্রশিক্ষণার্থী হয়েছেন মো. আমিনুল ইসলাম দুলাল, দ্বিতীয় হয়েছেন আতিকুর রহমান এবং তৃতীয় হয়েছেন শান্তা সরকার। সেরা প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই কর্মশালায় অংশগ্রহণকারীদের আধুনিক প্রিন্টার সার্ভিসিং, যন্ত্রাংশ প্রতিস্থাপন এবং জটিল হার্ডওয়্যার সমস্যার সমাধান বিষয়ে হাতে-কলমে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।